বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এই সেতুটির ওপর আজ এর প্রথম স্প্যান বা লম্বা ইস্পাতের কাঠামো বসানো হয়েছে।
সরকার বলছে, ইতিমধ্যেই সেতুর প্রায় অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে।
সরকার আশা করছে, ২০১৮ সালের ডিসেম্বরে নির্ধারিত সময়সীমার মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ। নিজস্ব অর্থায়নে প্রথমবারের মত এতো বড় একটি অবকাঠামো নির্মাণের যে কাজ সরকার শুরু করেছে, আজ তার কাঠামো প্রথমবারের মতো দেখা যাচ্ছে।
২০১৫ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল। প্রায় পৌনে দুই বছর পর আজ শরীয়তপুরের জাজিরা প্রান্তে একটা স্প্যান বা লম্বা ইস্পাতের কাঠামো বসিয়ে দেওয়ার পর দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু। এসব ইস্পাতের স্প্যানের ভেতর দিয়েই চলবে ট্রেন। আর ওপর দিয়ে চলবে যান বাহন। ফলে এখন পদ্মা সেতুর নির্মাণ নিয়ে আর কোন সংশয়ই রইলো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর সময় তিনি বলেন, সেতুর সাড়ে ৪৭ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
"পদ্মা সেতু এখন আর কোন রঙ্গিন কল্পনা নয়। এটি এখন দৃশ্যমান বাস্তবতা। আমাদের লক্ষ্য সময়সীমার মধ্যেই এর কাজ শেষ করা।"



